সংবাদ প্রতিবেদন
আসন্ন রমজান উপলক্ষে ঢাকা শহরে সুলভ মূল্যে মাছ, মাংস ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ ক্ষেত্রে জুলাইকোটা প্রয়োগের ঘোষণায় ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, সুলভ মূল্যে মাছ, মাংস ও ডিম বিক্রির জন্য ঢাকায় ২৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় যে সকল এলাকায় আন্দোলনকারীদের উপস্থিতি বেশি ছিল, সে সকল এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
১৭ই ফেব্রুয়ারি, সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
এই উপদেষ্টা জানান, পহেলা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।
ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা।
প্রাণি উপদেষ্টা জানিয়েছেন, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সরকারবিরোধী আন্দোলনে যে সকল স্থানে মানুষের অংশগ্রহণ বেশি ছিল, সে সকল এলাকাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রতিদিন ডিম ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ ৬ হাজার লিটার, ড্রেসড ব্রয়লার ২ হাজার কেজি, গরুর মাংস ২০০০-২৫০০ কেজি বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
