নিজস্ব সংবাদদাতা
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ২৮ সদস্য পদত্যাগ করেছেন। সেইসঙ্গে, কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পদত্যাগকারীরা ২৪ ঘণ্টার মধ্যে কমিটি ভেঙে নতুনভাবে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছেন।
১৭ই ফেব্রুয়ারি, সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়টি জানান জেলার বৈছা আন্দোলনের কিছু সদস্য।
এ সময় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব এবং মতিউর আরিফ।
তারা বলেন, “বহিরাগত কাউকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক বা মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন নোয়াখালীর বাসিন্দা। তাকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি ঘোষণা করতে হবে, নাহলে স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।”
নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, “পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো মন্তব্য নেই। পরবর্তীতে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে।”
উল্লেখ্য, ১৬ই ফেব্রুয়ারি, রোববার রাতে বৈছা আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।
এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদকে মুখ্য সংগঠক এবং ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রওশন জাহান বায়েজিদ হোসাইনকে মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়।
