সাত কলেজ আর ঢাবির অধীনে থাকছে না

সাত কলেজ আর ঢাবির অধীনে থাকছে না
শেয়ার করুন
ঢাবি প্রতিনিধি

ঢাকার সাত সরকারি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলোর শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি করা হবে না।

আজ সোমবার, ২৭শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ লিখিত বক্তব্যে জানান, সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে কলেজগুলোর আসনসংখ্যা, ভর্তি ফি, এবং অন্যান্য কার্যক্রম নির্ধারণ করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী:

১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে না।
২. ২৯শে ডিসেম্বর ২০২৪ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করবে।
৩. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে।

সংবাদ সম্মেলনটি উপাচার্যের কার্যালয় সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন দুই সহ–উপাচার্য মামুন আহমেদ ও সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

উপাচার্য সংবাদ সম্মেলনে বলেন, “লিখিত বক্তব্য ছাড়া অন্য কোনো মন্তব্য করা হবে না।”

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহ–উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো উত্তর দেননি। সংবাদ সম্মেলন শেষে উপাচার্য ও অন্যান্য শিক্ষকরা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে চলে যান।

প্রসঙ্গত, ৮ বছর আগে সাতটি বড় সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকার ফলে শিক্ষাবিষয়ক জটিলতার পাশাপাশি প্রশাসনিক অবহেলা এবং ‘ইগো প্রবলেম’ দেখা দিয়েছে। এই কলেজগুলোর শিক্ষার্থীরা ঢাবির অধীন থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছেন। তবে তারা সাফ বলে দিয়েছেন, কোনোভাবেই আগের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবেন না।

Visited 99 times, 1 visit(s) today