ছয় দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের ৪ ঘন্টার আল্টিমেটাম

ছয় দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের ৪ ঘন্টার আল্টিমেটাম
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা

রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন এবং হামলায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার ওসিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পদত্যাগ ও ঢাবির প্রোভিসির পদত্যাগের দাবি জানিয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা কলেজ শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

লিখিত বক্তব্যে ইডেন কলেজের শিক্ষার্থী
সুমাইয়া আক্তার শায়না দাবিগুলো তুলে ধরেন।

এর আগে শায়না বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবির শিক্ষার্থীরা এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কাঁধেকাধ মিলিয়ে আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার পরে ৭ কলেজের সঙ্গে এমন আচারন কামনা করে না।

ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব উদ্দিন বলেন, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিবসহ গতকাল রাতের হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছে। এই ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন। আমরা এই হামলার ঘটনায় জড়িত পুলিশ ও ঢাবি শিক্ষার্থীদের শাস্তির দাবি জানাচ্ছি। আগামী ৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে সাত কলেজের শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।

Visited 73 times, 1 visit(s) today