ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মুসা মার্কেট এলাকার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২০শে নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

এ সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার দুপুরে পল্লী বিদ্যুতের মোড় থেকে আব্দুল খালেকের সমর্থকরা সম্মেলন-বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুসা মার্কেট এলাকায় পৌঁছালে মেহেদী হাসান পলাশের সমর্থকরা মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

এরপর উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার বিষয়ে আব্দুল খালেক অভিযোগ করে বলেন, মেহেদী হাসান পলাশ ও মুসার সমর্থকরা আমাদের মিছিলে হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত ৫০ জন আহত হয়েছে।

অন্যদিকে, মেহেদী হাসান পলাশ এবং মুসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের নতুন সংঘর্ষ না ঘটে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্তক অবস্থানে রয়েছে।

Visited 11 times, 1 visit(s) today