বিনোদন প্রতিবেদক
অভিনয়শিল্পী ও মডেল শবনম ফারিয়ার নামে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সকাল থেকেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে কথা বলেছে এমন একটি স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে, যেখানে শবনম ফারিয়াকে আন্দোলন ও রাজনীতিসংক্রান্ত বেশকিছু স্পর্শকাতর বিষয়ে মতামত দিতে দেখা গেছে।
তবে ফারিয়া নিজেই এ নিয়ে একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো স্ট্যাটাস পোস্ট করেননি এবং এটি তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা।
ফারিয়া লিখেছেন, “আমি গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে!”
তিনি পোস্টে এটাও জানান, যারা এই ভুয়া পোস্টে তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা যেন এতে খুশি না হন।
ফারিয়া তার পোস্টে দাবি করেন, গত ১৫ বছরে তাকে হাজারো পোস্ট ডিলিট করতে হয়েছে। “স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে কল চলে আসত, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে।’”
তিনি আরও দাবি করেন, তেল ‘মারেননি’ বলে তাকে বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হয়নি।
