বিনোদন ডেস্ক
বিনোদন জগতের পরিচিত মুখ শবনম ফারিয়া অভিনয়ের বাইরে বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংঘটিত সহিংসতায় সরাসরি ইন্ধন যুগিয়েছেন, ষড়যন্ত্রমূলকভাবে সরকার উৎখাতে ফারিয়া সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনা, বঙ্গবন্ধুকে নিয়ে নানারকম বিষোদগার করে গেছেন একটানা।
তবে গতকাল দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন ফেসবুকে। পোস্টে তিনি হতাশা ব্যক্ত করেছেন, প্রশ্নও তুলেছেন দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও।
ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’
সবশেষে ফারিয়া লিখেছেন ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’
এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ তার অবস্থান নিয়ে বিতর্ক করেছেন।
তার এই পোস্ট শেয়ার করে লালবদর, চামড়াকর্মী, ডলারখোর, জুলাইসিডিআই হ্যাশট্যাগে বিভিন্ন মন্তব্য করেছেন অনেকেই।
