বাংলাদেশ-এর নাম কেন পরিবর্তন করা দরকার | মতামত

বাংলাদেশ-এর নাম কেন পরিবর্তন করা দরকার | মতামত
শেয়ার করুন

।। আরিফ জেবতিক ।।

বাংলাদেশ নাম হওয়ার পেছনে কোন ম্যান্ডেট নাই। সত্তর সালের নির্বাচনকে যদি ম্যান্ডেটও ধরি, সেখানে দেশের নাম পরিবর্তনের কোন দাবি আওয়ামী লীগের ইশতেহারে ছিল না। ইনফ্যাক্ট পাকিস্তান হিসেবেই তখনও আমরা ছিলাম।

এই অঞ্চলের অধিবাসীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠা করে। সুদীর্ঘ আন্দোলন এবং আলোচনার মাধ্যমে এই ভূখন্ড পাকিস্তান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক ভাবে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে। আমাদের অঞ্চল পূর্ব পাকিস্তান হিসেবে অফিশিয়ালি পরিচিত হয়।

১৯৭০ সালের নির্বাচনকে কেন্দ্র করে এই দেশে গন্ডগোল লাগে এবং পশ্চিম পাকিস্তান আমাদের উপর হালকা মারধোর করলে আমরা সাময়িক অভিমানে চিরশত্রু ভারতে পালিয়ে গিয়ে ভারতের সহযোগিতায় ভাইয়ে ভাইয়ে মারামারি করে হাড়ি আলাদা করে ফেলি।

আলাদা স্টেট হলেও আমাদের নাম, যেটি আমরা নিজেরা ১৯৪৭ সালে বেছে নিয়েছি, সেটার দাবি আমরা কখনোই আসলে ছাড়ি নাই। এভাবে একই নামে একাধিক রাষ্ট্র থাকাটা খুবই স্বাভাবিক। যেমন দক্ষিন কোরিয়া-উত্তর কোরিয়া। একসময় জার্মানিও পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি নামে দুইটি দেশ ছিল। নর্থ সুদান ও সাউথ সুদান আছে (সাউথ সুদান ২০১১ সালে স্বাধীন হয়।) রিপাবলিক অব সাইপ্রাসের বাইরে নর্দান সাইপ্রাসকে স্বীকৃতি দেয় তুরস্ক। ১৯৯০ সালের আগে ইয়েমেনও নর্থ ইয়েমন ও সাউথ ইয়েমেন নামে আলাদা দুটি রাষ্ট্র ছিল।

সেই হিসেবে বিচ্ছিন্ন হওয়ার পরেও আমাদের দেশের নাম পূর্ব পাকিস্তান হিসেবে থাকাটাই যুক্তিযুক্ত ছিল।

কিন্তু একাত্তরের বহুমূখী গন্ডগোলের সময় আওয়ামী লীগের নেতারা কৌশলে আমাদের দেশের নাম বাংলাদেশ করে ফেলে। এই সংক্রান্ত কোন গণভোট হয়নি, এমনকি কোন কমিটিও তৈরি হয়নি। বাংলাদেশ করার মাধ্যমে এরা ভারতের পশ্চিম বঙ্গের কাছাকাছি একটা নাম বেছে নেয়। পশ্চিমবঙ্গ থাকা মানে হচ্ছে কোথাও পূর্ববঙ্গও আছে। মানে ভবিষ্যতে মেলামেলির কথা উঠলে প্রজন্ম বিভ্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের সাথে মিলে যাওয়াকে স্বাভাবিক মনে করতে পারে। অথচ পূর্ববঙ্গকে অফিশিয়ালি আমরা বাদ দিয়েছি ১৯৪৭ সালে।

ফ্যাসিবাদি আওয়ামী লীগের এই যে পূর্ব পাকিস্তান নামকরণকে কৌশলে বাংলাদেশে রূপান্তর করে ফেলা- এটির কোন ম্যান্ডেট ওদের ছিল না। কোন ভোট হয়নি, আলোচনা হয়নি, কমিটি হয়নি, স্রেফ নিজেদের ইচ্ছায় আওয়ামী লীগের তৎকালীন নেতারা এই কাজটি করেছে।

বর্তমান সময়ে এসে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা দরকার। আমরা আলাদা রাষ্ট্র হিসেবে তৈরি হলেও, পূর্ব পাকিস্তান নামটি, যেটি আমাদের অর্জিত অফিশিয়াল নাম, সেই নামে ফেরত যাওয়াটা যৌক্তিক এবং বাস্তব।

(এটি একটি সিরিয়াস পোস্ট, আশাকরি সিরিয়াসলি ভেবে দেখবেন। ঐতিহাসিক তথ্য উপাত্তের ভিত্তিতে যুক্তি দিতে পারলে দিবেন। শুধু গায়ের জোরে অন্য কিছু বললে সেটি গ্রহণযোগ্য হবে না।)

লেখকের পোস্ট:

লেখক পরিচিতি: ব্লগার, লেখক, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট

Visited 93 times, 1 visit(s) today