ভারতীয় ডিম আসছেই, সাড়ে ৭ টাকা দরে এলো আরো আড়াই লাখ, বাজারে নেই স্বস্তি

ভারতীয় ডিম আসছেই, সাড়ে ৭ টাকা দরে এলো আরো আড়াই লাখ, বাজারে নেই স্বস্তি
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন:

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ২ লাখ ৩১ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে। ডিমগুলো প্রতিটি সাড়ে ৭ টাকা দরে আমদানি করা হলেও স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে না বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ নিয়ে চলতি বছরের ৩০শে অক্টোবর পর্যন্ত ৬টি চালানে ১২ লাখ ২১ হাজার ১৫০ মুরগির ডিম আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশন বেনাপোল কাস্টমস থেকে ডিমের চালান ছাড়করণ করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আমদানিকারকের সুবিধার্থে সব ধরনের শুল্কসুবিধা দেওয়া হচ্ছে, যাতে দ্রুত ডিম বাজারে পৌঁছে দেওয়া যায়।

আমদানিকারক প্রতিষ্ঠান জানায়, ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে ৫ টাকা ১৬ পয়সা দরে। আগে প্রতি ডিমে ১ টাকা ৯৬ পয়সা শুল্ক দিতে হলেও এখন সেটি কমে ৭৮ পয়সায় নামানো হয়েছে। বন্দরের ভাড়া, পরিবহন, ব্যাংক এলসি, এক্সপোর্টারের খরচ মিলিয়ে একটি ডিমের দাম পড়ছে সাড়ে ৭ টাকার একটু বেশি।

ডিমের আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশনের প্রতিনিধি ইকরামুল হাসান সজিব জানান, কম শুল্কের সুবিধায় ডিম আমদানি করায় খরচ কিছুটা কমেছে। আশা করি বাজারে ডিমের দাম কমে আসবে।

ডিমের রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি খালাসের জন্য বুধবার কাস্টম হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ।

বুধবারই ডিম খালাস করে ঢাকা নিয়ে যাওয়া হবে বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি জিয়া উদ্দিন।

ভারতীয় ডিম আমদানি সত্ত্বেও বাজারে পড়ছেনা প্রভাব, ব্যবসায়ীদের অভিযোগ

যশোরের স্থানীয় বাজারে আমদানি করা এই ডিম সরবরাহ করলেও তেমন কোনো প্রভাব পড়েনি। সরকারি দাম ১১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেও বাজারে বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকায়, সাদা ডিম ২২ টাকা দরে। ডিমের সরবরাহ না থাকায় তা কিনতে না পারারও অভিযোগ করেছেন বিক্রেতারা।

ডিম বিক্রেতারা জানান, তারা ১২ টাকা ৮০ পয়সা দরে ডিম কিনে ১৪ টাকায় বিক্রি করছেন। এর ফলে আমদানিকৃত ডিম বাজারে দাম কমাতে সহায়ক না হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Visited 20 times, 1 visit(s) today