আইএস পতাকা নামানোয় মুচলেকা নিয়ে অধ্যক্ষকে বের করে দিলো শিক্ষার্থীরা

আইএস পতাকা নামানোয় মুচলেকা নিয়ে অধ্যক্ষকে বের করে দিলো শিক্ষার্থীরা
শেয়ার করুন

ঢাকা, ২৯ অক্টোবর — ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে আজ শিক্ষার্থীরা জোরপূর্বক পদত্যাগ করিয়েছে।

ইনস্টিটিউটের ভেতর বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইসলামিক স্টেটের (আইএস) কালো পতাকা টাঙানো হলে অধ্যক্ষ মোস্তাফিজুর তা নামানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও বাধার মুখে তিনি তা করতে ব্যর্থ হন এবং শেষপর্যন্ত তাকে সাদা কাগজে মুচলেকা লিখে প্রতিষ্ঠানের দায়িত্ব ছাড়তে হয়।

ঘটনার সূত্রপাত ইনস্টিটিউট প্রাঙ্গণে আইএসের কালো পতাকা স্থাপন নিয়ে। অধ্যক্ষের প্রচেষ্টার বিরুদ্ধে একদল শিক্ষার্থী কড়া অবস্থান নেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ঘটনাটি।

 

এক ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষকে শিক্ষার্থীরা একটি সাদা কাগজে লিখিত বিবৃতি দিতে বাধ্য করে এবং “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” স্লোগান দিতে শোনা যায় তাদের।

অধ্যক্ষের পদত্যাগে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে খোমেনি এহসান নামের একজন ব্যক্তির বিরুদ্ধে। তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, আইএস পতাকা নামানোর বিষয়টি তার পদত্যাগের কারণ।

ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা জোরপূর্বক অধ্যক্ষকে সাদা কাগজে সাক্ষর করাতে বাধ্য করছে। ওই গ্রুপের এডমিন মুজাহিদুল হাসান সিদ্দিকি এক পোস্টে ‘কলেমার ব্যানার’ অপসারণের বিষয়টি স্বীকার করেন এবং জানান, অধ্যক্ষের পদত্যাগ সঠিক সিদ্ধান্ত ছিল।

 

এর আগে, গত ১৮ আগস্ট আরেক অধ্যক্ষ কাজী জাকির হোসেনকেও ছাত্রদের চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়। অভিযোগ ছিল যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও শেখ হাসিনা সরকার-ঘনিষ্ঠ ছিলেন।

এ বিষয়ে মন্তব্য জানতে সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত দাপ্তরিক মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Visited 59 times, 1 visit(s) today