জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

আবারও অশান্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। সাম্প্রতিক সময়ে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক সমাগমে এলাকা উত্তপ্ত, চলছিল মহড়া। এবার সেই অবৈধ অস্ত্রে প্রাণ গেল এক যুবকের। নিহতের নাম শাহ নেওয়াজ ওরফে কাল্লু (৩৮)। তিনি নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করার পাশাপাশি জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা।

কাল্লুর রক্তাক্ত দেহ বুধবার (১৬ই অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত কাল্লু মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ছিলেন। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে থাকতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেনেভা ক্যাম্পের এক বাসিন্দা জানান, ক্যাম্পে প্রায়ই মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। বুধবার রাতে জেনেভা ক্যাম্পে আবারও মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয় শীর্ষ মাদক কারবারি ভুঁইয়া সোহেল গ্রুপ এবং মাদক কারবারি পারমনু গ্রুপের মাঝে। এ সময় ভুঁইয়া সোহেল গ্রুপের ছোড়া গুলিতে মাদক কারবারি কাল্লু মারা যান।

অনুসন্ধানে জানা যায়, ভুঁইয়া সোহেল বর্তমানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সোহেল ও তার ভাই রানা এবং টুনটুনের হাতে নিয়ন্ত্রিত হয় ক্যাম্প এলাকার হেরোইন ব্যবসা। তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। ৫ই আগস্ট ক্ষমতার পালা বদলের পর তারা প্রকাশ্যে চলে আসেন। আগে দূর থেকে মাদকের কারবার চালালেও গতমাস থেকে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ব্যবসা চালানো শুরু করে দুটি গ্রুপই। জুলাই-আগস্টে জেনেভা ক্যাম্পের কয়েকটি গ্রুপ আন্দোলনে সহিংসতায় জড়িত ছিল বলে ইতিপূর্বে পুলিশ জানিয়েছিল।

স্থানীয়রা জানান, নিহত কাল্লু জেনেভা ক্যাম্পের আরেক মাদক কারবারি লালনের বড় ভাই। লালন ভেনেভা ক্যাম্পের মাঝারি পর্যায়ের মাদক কারবারি। তার নামে রয়েছে বেশ কয়েকটি মাদক মামলা। তিনি আরেক মাদক কারবারি পারমনুর বিশ্বস্ত সহযোগী।

জেনেভা ক্যাম্পে কাল্লু নামে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তবে কে বা কারা গুলি করেছে প্রাথমিকভাবে তা বলতে পারেননি তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যায় আমি র‌্যাব ও পুলিশ পাঠিয়েছি জেনেভা ক্যাম্পে, যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে। আপনারা জানেন এই ক্যাম্পে নানা ধরনের অপকর্ম হয়। কিছুদিন আগেও আমরা সেনাবাহিনীসহ যৌথ অভিযান চালিয়েছি। সরকারের পক্ষ থেকে আরও বড় উদ্যোগ না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে। সামাজিকভাবে তাদের পুনর্বাসন করা জরুরি। আপনাদের মাধ্যমে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রসঙ্গত, গত ৫ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের দিন মোহাম্মদপুর ও আদাবর থানার অস্ত্রাগার লুট করে জেনেভা ক্যাম্পের মাদক কারবারিরা। এছাড়াও এসএসএফ-এর লুট হওয়া অত্যাধুনিক অস্ত্র, সামরিক সরঞ্জামেরও একটা বড় অংশ জেনেভা ক্যাম্পে রয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। এসব অস্ত্র ব্যবহার করে ৫ই আগস্ট থেকেই মাদক ব্যবসায়ী গ্রুপগুলো অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয়। যার জেরে ৬ই আগস্ট গুলিতে নিহত হয় একজন। সেপ্টেম্বরে প্রাণ যায় আরও ২ জনের।

Visited 8 times, 1 visit(s) today