স্থানীয় প্রতিনিধি
খুলনা শহরের ডাক্তার পাড়ায় অবস্থিত নুরুল কুরআন তাহজিদ একাডেমি নামক একটি হেফজখানায় আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর উপর অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটির নাম ইসমাইল। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হলে পথিমধ্যে শিশুটির বাবার সঙ্গে দেখা হয়। তখন তার হাতে একটি বড় ব্যাগ দেখা যায়, যার ভেতরে ছিল ছেলের জামাকাপড় ও বইপত্র। এ থেকে স্পষ্ট হয়ে যায় যে, শিশুটিকে আর ওই মাদ্রাসায় পড়ানো হবে না। এত নির্যাতনের পর এমন সিদ্ধান্ত স্বাভাবিক হলেও, ঘটনার পরবর্তী অংশ ছিল রহস্যজনক।
শিশুটির বাবাকে অভিযোগ দায়েরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কোনো উত্তর দিতে রাজি হননি। পরে জানান, মাদ্রাসা-সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিষয়টি “মিটমাট” করে দিয়েছেন। কারা মিটমাট করেছেন তাদের পরিচয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “ঝামেলা করবেন না, মিটে গেছে।” শিশুটির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে তাতেও বাধা দেন তিনি।
এই ঘটনায় বেশ কিছু প্রশ্নের জন্ম হয়েছে— এত গুরুতর একটি নির্যাতনের ঘটনা কারা ধামাচাপা দিতে চাইলেন? এর পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে কি না? এবং শিশুটির বাবা কেন এমনভাবে বিষয়টি এড়িয়ে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। শিশুটির উপর সংঘটিত নির্যাতনের ঘটনা তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ও এর পেছনে কারা জড়িত, তা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
