ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাও। এই ড্রয়ের নায়ক ৩৭ বছর বয়সী গোলরক্ষক এলোয় রুম। নির্ধারিত ৯০ মিনিটে রেকর্ড সর্বোচ্চ ১৫টি শট আটকে দিয়ে বিশ্বকাপে কুরাসাওকে প্রথম পয়েন্ট এনে দিয়েছেন তিনি।
এর আগে ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে আমেরিকার টিম হাওয়ার্ড ১৬টি শট আটকে রেকর্ড করেছিলেন, তবে সেটি ছিল অতিরিক্ত সময়সহ। সেই তুলনায় নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে রুমের ১৫টি সেভ করার এই কীর্তি এক অনন্য বিশ্ব রেকর্ড।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়ার নিশ্চিত গোলের সুযোগ এক হাতে আটকে দেন রুম। পুরো ম্যাচে ইকুয়েডর ২৬টি শট নিলেও রুমের বীরত্বে তারা কোনো গোল করতে পারেনি।
ম্যাচ শেষে রুম বলেন, ‘আমি জানতাম এটি কঠিন ম্যাচ হবে। প্রথম সেভটিই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছি। কুরাসাওয়ের জন্য এই পয়েন্ট পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’
নিজেদের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হারা কুরাসাও এই ড্রয়ের পর নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল। অন্যদিকে এই ড্রয়ের ফলে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান নিশ্চিত হলো জার্মানির।
