ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে জাতীয় প্রেসক্লাবের সদস্য করায় তুমুল সমালোচনা

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে জাতীয় প্রেসক্লাবের সদস্য করায় তুমুল সমালোচনা
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইম নাহিয়ান সজিবকে প্রেসক্লাবের সদস্যপদ প্রদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

নেটিজেনদের একাংশ এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে আখ্যায়িত করছেন। তাদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের কোনো রানিং কেন্দ্রীয় নেতাকে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার নজির নেই। বিএনপি-পন্থী হিসেবে পরিচিত বর্তমান কমিটির এই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক মহলেও নানা আলোচনা-সমালোচনা চলছে।

সমালোচকরা বলছেন, সাংবাদিক ইউনিয়নগুলোতে তথাকথিত ‘চা দোকানদার’ বা অপেশাদার ব্যক্তিদের সদস্যপদ দিয়ে আগেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন প্রেসক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সরাসরি রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্ত করা এর মর্যাদা আরও ক্ষুণ্ণ করবে। বর্তমান প্রেসক্লাব কমিটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপিপন্থী সাংবাদিক নেতা ও বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ।

নেটিজেনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই একজন ছাত্রনেতাকে সাংবাদিকতার এই সর্বোচ্চ ফোরামে জায়গা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, যেখানে ছাত্রলীগের রানিং নেতাদের এই ক্লাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি, সেখানে বর্তমান কমিটি এই চর্চা শুরু করে প্রেসক্লাবের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলল।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, ক্লাবের নীতিমালা অনুযায়ী সদস্যপদের জন্য প্রয়োজনীয় সাংবাদিকতার অভিজ্ঞতা ও যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয় এখানে বেশি প্রাধান্য পেয়েছে। তবে এই বিষয়ে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় অ-সাংবাদিক ও সক্রিয় রাজনৈতিক নেতাদের সদস্যপদ দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নেটিজেন ও সংবাদকর্মীরা।

Visited 13 times, 1 visit(s) today