❐ বিশেষ প্রতিবেদক
ক্ষমতার পালাবদলের পর ২০২৪-এর আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে, প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল ঘটে। কর্মরতদের অনেককে মামলা-হামলা ও মবের মাধ্যমে গ্রেপ্তার, পদচ্যুত, বহিষ্কার, চাকরিচ্যুতি এবং বদলি করা হয়। যার ফলে প্রশাসনে দেখা দেয় স্থবিরতা।
বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা হয়ে যায় নড়বড়ে। যার প্রভাব পড়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। পদে বহাল হন এবং গুরু দায়িত্ব পান অদক্ষ ও দলীয় মদদপুষ্ট লোকজন। অতীতে দুর্নীতি-অনিয়ম ও গুরুতর অপরাধে বহিষ্কৃত, চাকরিচ্যুতরা পুনর্বহাল হন।
সাধারণ মানুষ তো বটেই, দাগি অপরাধীরাও আইনশৃঙ্খলা বাহিনীকে অবজ্ঞা করতে শুরু করে। ফলে বিভিন্ন জায়গায় অভিযানে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, তাদের অস্ত্র কেড়ে নেওয়া, হত্যার ঘটনা বেড়ে চলেছে উদ্বেগজনক হারে। রাষ্ট্রযন্ত্রের এমন বেহাল দশায় প্রশ্ন তুলেছেন সচেতন মহল, দুর্নীতি ও দলীয়করণের ফলে কি জং ধরেছে প্রশাসনিক কাঠামোয়?
এবার নাটোরের লালপুর উপজেলায় মাদক কারবারিদের আস্তানায় তথ্য সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার পাঁচ সদস্য।
গতকাল ১২ই মে, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান। নদীর তীরবর্তী এলাকায় অবস্থানকালে স্থানীয় একদল যুবক তাদের পথরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে যুবকেরা উত্তেজিত হয়ে ওঠে এবং র্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়।
তর্কাতর্কির এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ৫ র্যাব সদস্যকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যারাকে ফিরলেও শামীম হোসেন নামের একজন আজ বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
পুরাতন ঈশ্বরদী ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি জানিয়েছেন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দেশে গত কয়েক মাসে মাদকবিরোধী অভিযান ও তথ্য সংগ্রহকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
• ১১ই মে, ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য সংগ্রহে গিয়ে ডাকাত দলের হামলার শিকার হন ৩ র্যাব সদস্য।
• ৫ই মে, ২০২৬: নারায়ণগঞ্জে তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম করা হয়।
• ১২ই মার্চ, ২০২৬: টেকনাফে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হন ৯ র্যাব সদস্য।
