❐ নিজস্ব প্রতিবেদক
বিএনপি ঘেঁষা বলে পরিচিত সঙ্গীত শিল্পী কনকচাঁপাকে ধুয়ে দিলেন দলের নেতাকর্মীরা। ‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে আপনার অবদান কী?’ – এমন প্রশ্নের মুখে রীতিমত জেরবার হয়ে পড়লেন এই গুণী শিল্পী।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন তিনি।
আজ ১১ই এপ্রিল, শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে গেলে এ দৃশ্যের অবতারণা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির রাজনীতিতে তার ভূমিকা ও দলীয় অবদান নিয়ে প্রশ্ন তোলেন।
আওয়ামী লীগের আমলে বিএনপির আন্দোলন সংগ্রামে কেন তাকে দেখা যায়নি, এখন কেন দলের মনোনয়ন চাইছেন- এমন প্রশ্নবাণে জর্জরিত হন কনকচাঁপা।
মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি বিএনপির রাজনীতি করেছে? যারা আন্দোলনে ছিলো, ১৭ বছর দলের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি।
জেরিন রনি বলেন, রাজপথে ছিলাম, জেলে গিয়েছি, মামলা খেয়েছি। কনকচাঁপা এতদিন কোথায় ছিল? আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন? কনকচাঁপা কে? আমরা বিএনপিতে সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই-সংগ্রাম করেছে তাদের দেখতে চাই। কনকচাঁপা কয়টা মামলা খেয়েছে? কয়টা লড়াই-সংগ্রামে অংশ নিয়েছে?
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার থেকে বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের মনোনয়নে আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যদিকে এ ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হন। এসময় আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কনকচাঁপা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
