বাগেরহাটে কুকুরকে কুমিরের মুখে ছেড়ে দেওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীর

বাগেরহাটে কুকুরকে কুমিরের মুখে ছেড়ে দেওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীর
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি অসহায় কুকুরকে ছেড়ে দেওয়ার মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ঘটনাটি জানার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ ১১ই এপ্রিল, শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় তিনি জানান, বাগেরহাটের এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি এতে মর্মাহত।

তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ ও সকল প্রাণীর জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন।

এদিকে তার নির্দেশনার পরপরই বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ-উল-হাসান।

Visited 12 times, 1 visit(s) today