‘রূপান্তরিত নারী’ জেনে ছাত্রদলের রেদোয়ানকে পদ থেকে অব্যাহতি

‘রূপান্তরিত নারী’ জেনে ছাত্রদলের রেদোয়ানকে পদ থেকে অব্যাহতি
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি একজন রূপান্তরিত নারী—এ তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অভিযোগ রয়েছে, কমিটি গঠনের আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজের জেন্ডার সম্পর্কে তথ্য গোপন করে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে জানা যায়, তিনি রূপান্তরের মাধ্যমে নারী হয়েছেন।

এ কারণেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এ নিয়ে সমালোচনা করছেন, আবার কেউ কেউ ভিন্ন মতও প্রকাশ করছেন।

এদিকে রেদোয়ান ইসলাম একটি ভিডিও বার্তায় বলেন, তাকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

তিনি জানান, সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততার ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তার ভাষায়, “এভাবে কথা বলা হচ্ছে যেন আমাকে বড় কোনো রাজনৈতিক পদ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই কাজ করার সুযোগ থাকা উচিত—ব্যক্তি ছেলে না মেয়ে, সেটি মুখ্য বিষয় হওয়া উচিত নয়।

Visited 8 times, 1 visit(s) today