❐ নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ ৩রা এপ্রিল, শুক্রবার সকালে টাঙ্গাইল পৌরসভার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম ৩ মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা সবকিছু স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।
আওয়ামী লীগ সরকার সম্পর্কে মীর শাহে আলম দাবি করেন, ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও।
