শৈলকুপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শৈলকুপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ৫০ জন আহত হয়।

জানা যায়, গতরাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাধে। ঈদ সামনে রেখে ভিজিএফ কার্ড বিতরণে প্রভাব বিস্তার ও কার্ডের ভাগবাটোয়ারা নিয়ে মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মাঝে বাকবিতন্ডা হয়।

এরই জেরে দুই নেতার সমর্থকরা বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরে শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদি হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগপত্রে উভয়পক্ষই একে অপরের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

অভিযোগের পর পুলিশ উভয়পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে।

আটকদের মধ্যে রয়েছেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়া সহ ১৫ জন নেতাকর্মী।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। আমরা বলেছি, অপরাধী যেই হোক, আইনের আওতায় তাকে আনতে হবে।

এ বিষয়ে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন থানায় অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলার অবণতি যে বা যারাই ঘটাবে, তাদের বিরুদ্ধেই ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে, জানান তিনি।

Visited 15 times, 1 visit(s) today