খুলনায় জাপান-ব্রিটেনে তৈরি ৫ পিস্তল ও বিপুল গুলিসহ নারী আটক

খুলনায় জাপান-ব্রিটেনে তৈরি ৫ পিস্তল ও বিপুল গুলিসহ নারী আটক
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


খুলনা নগরীতে এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল এবং ৯৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

আটক সুরাইয়া পারভীন সুমী (৩৭) সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে জাপান ও ব্রিটেনের তৈরি পিস্তল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ ৭ই মার্চ, শনিবার সকালে লবণচরা থানার নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে ওই নারীকে আটকের খবরটি নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান।

অস্ত্রসহ আটক সুরাইয়া পারভীন সুমী

ওসি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। সকালে একটি গাড়িতে থাকা নারীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে আটক ওই নারী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

তারা বিষয়টির তদারকি করছেন বলে জানিয়েছে পুলিশ।

Visited 15 times, 1 visit(s) today