‘নিষিদ্ধ’ বলায় শাহবাগ থানার সামনে মাইকে ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছেন শিক্ষার্থীরা

‘নিষিদ্ধ’ বলায় শাহবাগ থানার সামনে মাইকে ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছেন শিক্ষার্থীরা
শেয়ার করুন

❐ ক্যাম্পাস প্রতিনিধি


বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ‘নিষিদ্ধ’ বলে পুলিশের মন্তব্যের প্রতিবাদে শাহবাগ থানার সামনে মাইকে সেই ভাষণ বাজিয়েছেন শিক্ষার্থীরা।

আজ ৭ই মার্চ, শনিবার দুপুরে রাজধানীর চানখারপুল মোড়ে সাউন্ডবক্সে ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টা থেকে শাহবাগ থানার সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মাইক ব্যবহার করে ৭ই মার্চের ভাষণ বাজান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর ভাষণ এ দেশে নিষিদ্ধ নয়। তিনি আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক। তাঁকে কেউ চেষ্টা করলেও ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। আমাদের সরিয়ে দিলেও নতুন প্রজন্ম এই ইতিহাস বহন করে নিয়ে যাবে।”

প্রতিবাদী শিক্ষার্থীরা

এর আগে চানখারপুল এলাকায় সাউন্ডবক্সে ৭ই মার্চের ভাষণ বাজানোর সময় পুলিশ বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাউন্ড সিস্টেমটি জব্দ করে এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। মাইক এবং যন্ত্রাপাতিসহ অপারেটরকেও আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছিল, যা নিষিদ্ধ—এমন অভিযোগে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আটক দুজনের বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ওসির কাছে গণমাধ্যমকর্মীরা জানতে চান, ৭ই মার্চের ভাষণ কি নিষিদ্ধ? এমন প্রশ্নের জবাবে ওসি মনিরুজ্জামান ক্ষেপে গিয়ে বলেন, ‘সাংবাদিক হয়ে এমন উল্টাপাল্টা প্রশ্ন করছেন কেন আপনারা?’

পুলিশের এ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

Visited 18 times, 1 visit(s) today