বিডি ডাইজেস্ট প্রতিবেদন
বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছেন—এ নিয়ে আইন ও নৈতিকতা প্রশ্নে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা পাবেন।
গত ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে এ ঘোষণা দেওয়া হয়।
তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনটি সম্প্রতি প্রকাশ্যে আসে।
এতে বলা হয়, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ড. ইউনূস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বিবেচিত হবেন।
এ সিদ্ধান্তের পেছনে যে সংশোধনী আদেশের কথা উল্লেখ করা হয়েছে, তা ২০০৬ সালের ২৯ অক্টোবর জারি করা এস আরও নং ২৮৫–এর সংশোধন।
ওই আদেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে নিজ নিজ পদে কর্মবসানের তারিখ থেকে সর্বোচ্চ তিন মাস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান ছিল।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত ছিল।
আইন বিশেষজ্ঞদের মতে, পূর্ববর্তী বিধানে যেখানে সর্বোচ্চ তিন মাসের সীমা ছিল, সেখানে কেবল নিজের জন্য সময়সীমা এক বছরে উন্নীত করা ন্যায়সংগত ও সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয়। তাদের ভাষ্য, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দিতে আইন পরিবর্তন বা প্রণয়ন করা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী।
সমালোচকদের দাবি, সংশোধনীতে অন্য কোনো পদধারীর জন্য সময়সীমা বাড়ানো হয়নি। ফলে এটি সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তাদের মতে, যদি বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা পূর্বে অন্তর্ভুক্ত অন্যদের ক্ষেত্রেও একই সুবিধা বাড়ানো হতো, তবে যুক্তির অবকাশ থাকত। কিন্তু এককভাবে নিজের জন্য এক বছরের বিশেষ মর্যাদা নির্ধারণ করা নৈতিক প্রশ্ন তোলে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ড. ইউনূস বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে নিজ স্বার্থ জড়িত থাকার অভিযোগও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়েছে।
সমালোচকদের ভাষ্য, নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সুবিধা আদায় ও অন্যান্য প্রশাসনিক অনুমোদন—এসব সিদ্ধান্ত ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেয়।
তবে এ বিষয়ে ড. ইউনূস বা তার ঘনিষ্ঠ সূত্রের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
