ক্ষমতা ছাড়ার আগে নিজেকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষনা ও এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সুবিধার গেজেট

ক্ষমতা ছাড়ার আগে নিজেকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষনা ও এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সুবিধার গেজেট
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

 

ঢাকা, ১ মার্চ: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person বা ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মুহুর্তে। এর ফলে তিনি দায়িত্ব ছাড়ার পরও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। এই সিদ্ধান্তকে অনেকে রীতি ভঙ্গ করে রেকর্ড সময়ের জন্য নিজের জন্য বিশেষ সুবিধা নেওয়ার উদাহরণ হিসেবে দেখছেন, কারন বিদায়ী উপদেষ্টা সর্বোচ্চ ৩ মাস এই বিশেষ সুবিধা প্রাপ্ত হন।

 

গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী ড. ইউনূসকে এই মর্যাদা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

বাংলাদেশে দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার প্রথা নতুন নয়। ২০০৬ সালের ২৯ অক্টোবর একটি গেজেটে তৎকালীন প্রধান উপদেষ্টাকে ‘Special Security Force Ordinance, 1986’-এর আওতায় দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশে অবস্থানকালীন সর্বোচ্চ তিন মাসের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে ২০০২ সালের একটি পূর্ববর্তী প্রজ্ঞাপনও বাতিল করা হয়।

 

বর্তমান প্রজ্ঞাপনের সঙ্গে অতীতের মূল পার্থক্য হলো সময়সীমা। ২০০৬ সালে নিরাপত্তা সুবিধা মাত্র তিন মাসের জন্য দেওয়া হলেও, ২০২৬ সালের এই গেজেটে ড. ইউনূসের ক্ষেত্রে তা এক বছর নির্ধারণ করা হয়েছে। এটিকে অনেকে অভূতপূর্ব ও রীতি ভঙ্গকারী বলে মন্তব্য করেছেন, কারণ এর আগে এত দীর্ঘ সময়ের জন্য এমন মর্যাদা প্রদানের নজির ছিল না।

 

ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের আগস্ট থেকে প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি দায়িত্ব ছাড়েন। এই সময়কালে তিনি সংস্কার, নির্বাচনী প্রক্রিয়া ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছিলেন, যদিও বিভিন্ন মহলে তার শাসনকাল নিয়ে বিতর্ক রয়েছে।

 

ভিভিআইপি মর্যাদা প্রাপ্তির ফলে ড. ইউনূস এসএসএফ-এর সুরক্ষা, প্রটোকল সুবিধা ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা পাবেন। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে—কেউ কেউ এটিকে যৌক্তিক বলছেন, আবার কেউ কেউ সমালোচনা করছেন যে এটি ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে নিজের জন্য বিশেষ সুবিধা নেওয়ার প্রচেষ্টা।

 

 

Visited 51 times, 1 visit(s) today