নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তপ্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে ওঠা “কিচেন কেবিনেট” বিতর্কের মধ্যেই একসঙ্গে দেখা গেল সদ্য বিদায়ী উপদেষ্টাদের। দায়িত্ব ছাড়ার পর মিন্টো রোডের একটি সরকারি বাসভবনে ইফতার ও নৈশভোজে মিলিত হন তারা। রাজনৈতিক অঙ্গনে এই পুনর্মিলনী নতুন করে আলোচনা তৈরি করেছে।
‘কিচেন কেবিনেট’ অভিযোগ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, উপদেষ্টা পরিষদের ভেতরে একটি অনানুষ্ঠানিক “কিচেন কেবিনেট” ছিল। তার ভাষ্য অনুযায়ী, সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস–এর আস্থাভাজন কয়েকজন সদস্য সেখানে নীতিগত সিদ্ধান্ত নিতেন, কিন্তু তিনি সে পরিসরের অংশ ছিলেন না।
“দেশ তখন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু আমাকে কেউ ডাকেনি, পরামর্শও নেয়নি,” বলেন তিনি।
তার ধারণা, কিছু বিষয়ে ভিন্নমত থাকার সম্ভাবনা থাকায় তাকে বাইরে রাখা হয়েছিল ও সকল সিদ্ধান্ত ‘কিচেন কেবিনেট’ থেকে নেওয়া হইতো।
কারা ছিলেন কিচেন কেবিনেটে
মুহাম্মদ ইউনূসের সরকারের ভিতরে থাকা ‘কিচেন কেবিনেট’ নতুন করে আলোচনায় আসলেও এটা নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে ‘অভ্যন্তরীণ আলাপ’ ছিল বহুদিন ধরেই।
প্রধান উপদেষ্টার কার্যালয় সংবাদ কাভার করা একাধিক সাংবাদিকের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে বিডি ডাইজেস্টের।
তারা বলেছেন, কিচেন কেবিনেটে যাবতীয় সিদ্ধান্তের চূড়ায় থাকতেন সদ্য বিদায়ী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র।
শুভ্র সবসময়ই সিদ্ধান্ত গ্রহণে সাথে রাখতেন বিদ্যুৎ ও সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
কিচেন কেবিনেটের এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি ও প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
আর জনসমক্ষে সম্মতি উৎপাদন করতেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিতর্কের মধ্যেই পুনর্মিলনী
এই প্রেক্ষাপটেই মিন্টো রোডের সরকারি বাসভবনে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউনূসসহ সদ্য বিদায়ী উপদেষ্টারা।
ছবিতে দেখা যায়, সবুজ চত্বরে বসার আলাদা ব্যবস্থা, কেক কাটা এবং আড্ডায় মশগুল সাবেক উপদেষ্টারা। উপস্থিত ছিলেন এম সাখাওয়াত হোসেন, সালেহ উদ্দিন আহমেদ, সি আর আবরার, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফরিদা আখতার, তৌহিদ হোসেন, শারমিন মুরশিদ, শেখ বশির উদ্দীন, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, সুপ্রদীপ চাকমা, আদিলুর রহমান খান শুভ্র, বিধান চন্দ্র রায় পোদ্দার প্রমুখ। সদ্য বিদায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও আমন্ত্রিত ছিলেন।
সাবেক প্রেসসচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করলে সেখানে নানা মন্তব্য ভেসে আসে। কেউ লিখেছেন, “শফিক ভাই এখনো প্রেস সেক্রেটারি।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, উপদেষ্টা পরিষদে থাকা তরুণ সদস্যরা কেন অনুপস্থিত।
দেড় বছর দায়িত্ব পালনের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় ১৭ ফেব্রুয়ারি বিদায় নেন উপদেষ্টারা। এর মধ্যেই “কিচেন কেবিনেট” অভিযোগ সামনে আসায় উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ সম্পর্ক, সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
উপদেষ্টা পরিষদের ভেতরের সিদ্ধান্তপ্রক্রিয়া কতটা প্রাতিষ্ঠানিক ছিল, আর কতটা অনানুষ্ঠানিক প্রভাবনির্ভর—সাখাওয়াত হোসেনের মন্তব্য সেই প্রশ্নকেই নতুন মাত্রা দিয়েছে।
