পাঁচ মামলায় জামিনের পর আইভীকে নতুন মামলায় দেখানো হলো গ্রেপ্তার

পাঁচ মামলায় জামিনের পর আইভীকে নতুন মামলায় দেখানো হলো গ্রেপ্তার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

পাঁচটি মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার একদিনের মাথায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ফলে জামিন পেলেও তার মুক্তি হয়নি।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত চলাকালে ‘সম্পৃক্ততা পাওয়া গেলে’ আইভীকে আরও মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

যদিও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) পুলিশকে অভ্যন্তরীণভাবে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে।

এদিকে আইভী’র মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি বহুতল ভবনে অগ্নিসংযোগ করা হয়।

ভবনটির তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংকের শিমরাইল শাখায় ইন্টেরিয়র কাজ করার সময় তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিন দিন পর ভবনটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের একজন ২৯ বছর বয়সী সেলিম মণ্ডল। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামে। ঘটনার প্রায় ১০ মাস পর তার বাবা ওয়াজেদ আলী হত্যা মামলা করেন।

জানা গেছে, গত বছরের জুনে বিস্ফোরক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলায় আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ার দাবি করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে জেলার এক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগের দিন একই ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় হাই কোর্ট আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তবে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় তিনি কারামুক্ত হতে পারেননি।

এদিকে পাঁচ মামলায় জামিন পাওয়ার পরও আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আওলাদ হোসেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে একজন জনপ্রতিনিধিকে হয়রানি করতে ধারাবাহিকভাবে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। “মামলাগুলোর আসামির তালিকায় তার নাম না থাকলেও তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী,” বলেন তিনি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “বিষয়টি হয়রানি নয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। কিছু মামলা তার গ্রেপ্তারের পর হয়েছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে।

এরপরের বছর ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Visited 10 times, 1 visit(s) today