মো. সাহাবুদ্দিনই থাকছেন মহামান্য রাষ্ট্রপতির পদে!

মো. সাহাবুদ্দিনই থাকছেন মহামান্য রাষ্ট্রপতির পদে!
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক


রাষ্ট্রপতি পদ ঘিরে বিএনপির ভেতরে গত কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই দায়িত্বে থাকছেন—এমন ইঙ্গিতই এখন স্পষ্ট হচ্ছে। দলীয় ও রাষ্ট্রীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব নতুন করে ভাবছে না; বরং চলমান স্থিতিশীলতা বজায় রাখার কৌশলেই আস্থা রাখছে দলটি।

বিএনপির ভেতরে রাষ্ট্রপতি পদের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকেও রাষ্ট্রপতি হিসেবে বিবেচনার কথা শোনা যায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আলোচনা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।

বরং বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বহাল রাখার বিষয়টিই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। কয়েক দিন আগে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নিজেই এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।

তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপি যদি চায় তিনি দায়িত্ব পালন চালিয়ে যাবেন, আর দল যদি না চায়—তাহলে তিনি নিজ উদ্যোগেই সম্মানজনকভাবে সরে যাবেন। রাজনৈতিক মহলে তার এই বক্তব্যকে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ বলেই দেখা হচ্ছে।

বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলে আলোচনায় বর্তমান রাষ্ট্রপতিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সূত্রগুলোর ভাষ্য, এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তন করলে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে অপ্রয়োজনীয় বার্তা যেতে পারে—যা সরকার এড়াতে চায়।

এদিকে বুধবার বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে শ্রদ্ধা নিবেদনের ঘটনাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রাষ্ট্র ও সরকারের সর্বোচ্চ দুই পদে থাকা ব্যক্তিদের এই যৌথ উপস্থিতি ‘সমন্বয় ও ধারাবাহিকতার’ বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরপরই সাহাবুদ্দিনের বহাল থাকার আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।

উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত—অর্থাৎ তার সাংবিধানিক মেয়াদ শেষ হতে এখনও প্রায় দুই বছর বাকি। সেই বাস্তবতায় এখনই রাষ্ট্রপতি পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখছেন না বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ।

Visited 27 times, 1 visit(s) today