❐ নিজস্ব প্রতিবেদক
ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ গৃহীত ‘নিউ দিল্লি ডিক্লারেশন অন এআই ইমপ্যাক্ট’ ঘোষণাপত্রকে সমর্থন করে বাংলাদেশ বিশ্বের ৮৯তম দেশ হিসেবে এতে যোগ দিয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ ভারতের নেতৃত্বাধীন এআই-সংক্রান্ত বৈশ্বিক উদ্যোগের পাশে দাঁড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ ও দায়িত্বশীল এআই ব্যবহারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে।
ঘোষণাপত্রটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর, ব্রাজিলসহ বড় বড় দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থন পেয়েছে। এটি এআই-কে ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ নীতির আলোকে ব্যবহারের ওপর জোর দেয়, যাতে এর সুবিধা সকলের কাছে সমানভাবে পৌঁছায় এবং গ্লোবাল সাউথের দেশগুলোর অগ্রাধিকার বিবেচনা করা হয়।
বাংলাদেশের এই সমর্থন উন্নয়নশীল দেশ হিসেবে এআই-এর সুবিধা গ্রহণ এবং আন্তর্জাতিকসহযোগিতায় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রযুক্তি ও উন্নয়ন ক্ষেত্রেসহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
