❐ নিজস্ব প্রতিবেদক
ভোট কিনতে টাকা নিয়ে রওয়ানর সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ ১১ই ফেব্রুয়ারি, বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে হেফাজতে নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। টাকার বস্তাসহ তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার বহন করা ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে, যদিও কিছু গণমাধ্যমে এই অঙ্ক ৫০-৬০ লাখ টাকার মধ্যে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা থেকে এই টাকা ভোট কিনতে এলাকায় নিয়ে আসছিলেন বলে জানা গেছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা। উদ্ধার হওয়া অর্থের সঠিক পরিমাণ গণনার কাজ চলছে এবং টাকার উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে হেফাজতে নেওয়া হয়।
এদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া টাকা ব্যক্তিগত ব্যবসার তহবিল।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
