তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায়ঃ ক্যাঙ্গারু কোর্টের রায়ের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রতিবাদ

তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায়ঃ ক্যাঙ্গারু কোর্টের রায়ের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রতিবাদ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তথাকথিত আইসিটি ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে “প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অবৈধ ও অসাংবিধানিক এই ট্রাইব্যুনালের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হচ্ছে এবং ন্যায়বিচারের কোনো মানদণ্ড অনুসরণ না করেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়, দণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাগত দায়িত্ব পালন করেছেন, অথচ সেই দায়িত্ব পালনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান বর্তমান সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগ অভিযোগ করে, ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকার বিচারব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভিন্নমত দমন করছে এবং একের পর এক ন্যায়বিচারবিরোধী রায় দিচ্ছে। দলটির মতে, তথাকথিত এই ট্রাইব্যুনাল কোনো প্রকৃত আদালত নয়; বরং এটি রাজনৈতিক নিধনযজ্ঞের কারখানায় পরিণত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই অবৈধ ট্রাইব্যুনালের কোনো রায় জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও গ্রহণযোগ্যতা পাবে না। এসব রায় ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে বলেও মন্তব্য করে দলটি। পাশাপাশি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Visited 8 times, 1 visit(s) today