ফেনীতে গণডাকাতি, তিনজনকে কুপিয়ে জখম

ফেনীতে গণডাকাতি, তিনজনকে কুপিয়ে জখম
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

ফেনীতে গত ২৪ ঘন্টায় তিনটি পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজনকে হত্যাচেষ্টা ও বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে।

ডাকাতিকালে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার ভোরে ফেনী সদর উপজেলার বোগদাদিয়া গ্রামের মীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে বাধা দেওয়ায় গৃহকর্তা মীর কাশেমসহ তিনজনকে কুপিয়েছে ডাকাতদল। স্থানীয়রা বেরিয়ে আসার আগেই স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় সশস্ত্র ডাকাতদল।

ভুক্তভোগী মীর কাশেম বলেন, ডাকাতদের মধ্যে ২/৩ জনকে চিনতে পেরেছি। মুখে লাইট মেরে চেনার পরই তারা আমাদেরকে কুপিয়েছে।

এদিন সকাল ৬টার দিকে দাগনভূঞা পৌর শহরের সুলতান মার্কেটে হারুন সুপারশপে ডাকাতির ঘটনা ঘটে। দোকানের শাটার কেটে টাকা ও মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

অপরদিকে, এদিন ভোরে সোনাগাজী উপজেলার চরমজলিশপুরে প্রবাসির ঘরে ডাকাতির চেষ্টাকালে এক যুবককে ধরে পুলিশে দেয় এলাকাবাসী। তার বিরুদ্ধে কয়েকটি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম।

গণডাকাতি ও আইনশৃঙ্খলার চরম অবনতির ঘটনায় সাধারণ মানুষের অসন্তোষ স্বর্তেও পুলিশের দায়সারা ভাব দেখা গেছে।

ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ভোটের কারণে পুলিশের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এ সুযোগে ডাকাতের উৎপাত কিছুটা বেড়েছে। শীত মৌসুমে এ সময়টাতে ডাকাতি হয়।

পুলিশের টহল জোরদার করা হবে বলে জানান তিনি।

Visited 4 times, 1 visit(s) today