স্থানীয় সংবাদদাতা
জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে জোরালো গলায় চেঁচিয়ে বক্তব্য দিচ্ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম। বক্তব্যের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ ১৯শে জানুয়ারি, সোমবার বিকেলে চারটার দিকে শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে।
আবুল হাশেমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যু নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার।
একইসাথে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্য জানান জামায়াতে ইসলামীর এমপিপ্রার্থী আমির হামজা।
পোস্টে তিনি বলেন, আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর আমির আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ফেসবুকে পোস্ট করে আমির হামজা জানান, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল হয়। যার নেতৃত্ব দিচ্ছিলেন আবুল হাশেম।
মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।
ফেসবুকে সমাবেশটির লাইভে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে উত্তেজিত হয়ে চেঁচিয়ে কথা বলছিলেন আবুল হাশেম। হঠাৎ তিনি থমকে যান এবং ঢলে পড়েন। এ সময় পাশে থাকা নেতাকর্মীরা তাকে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেমকে মৃত ঘোষণা করেন।
আবুল হাশেমের মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়।
