নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর শিশু আছিয়া বা মুনতাহার মতো অসংখ্য নিষ্পাপ শিশু রাজনৈতিক, মব ও কারা-হেফাজতে মৃত্যুর ঘটনা বেড়েছে। অন্যান্য সময়ের তুলনায় শিশু হত্যার সংখ্যা উদ্বেগজনক হারে বেশি বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
আইন ও সালিশ কেন্দ্রের মতে ২০২৪ সালে ৫৭৫ এবং সর্বশেষ ২০২৫ সালে সেই সংখ্যা ৪১০টি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে আইন ও সালিশ কেন্দ্র এই প্রতিবেদন তৈরি করেছে।
কেন প্রতি বছর এত সংখ্যক শিশু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে প্রশ্নে শিশু অধিকারকর্মী, মানবাধিকার কর্মী ও সমাজবিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশে প্রতি বছর শিশুদের যেভাবে অস্বাভাবিক মৃত্যু ঘটছে, বিশেষ করে ধর্ষণের পর হত্যা, অপহরণের পর হত্যা ও নির্মম নির্যাতনের ঘটনা, তা শিশুদের জন্য মানবাধিকার সংকটের বহিঃপ্রকাশ। শিশুদের এই অস্বাভাবিক মৃত্যু রোধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তারা।
কোনও সভ্য সমাজে শিশুদের প্রতি এই অবিচার হতে পারে না। আওয়ামী লীগ সরকার পতনের পর কেবল শিশু নয় সব নাগরিকেরই মানবাধিকার ক্ষুণœ হয়েছে। মব সন্ত্রাসকে উস্কে দিয়েছে রাষ্ট্র। এতে সব নাগরিকদেরর মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে।
‘শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সুরক্ষায়। কিন্তু অবস্থাদৃষ্টে তারাই সবচেয়ে বেশি অনিরাপদ বলে মনে হচ্ছে’ উল্লেখ করে মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির বলেন, ‘শিশুদের এই হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো কোনও বিচ্ছিন্ন অপরাধ নয়। বরং আমাদের দেশে বিচার না হওয়ার সংস্কৃতি, সামাজিক অবক্ষয় ও দুর্বল শিশু সুরক্ষা ব্যবস্থার ফল হিসেবে উল্লেখ করা যায়। এখন আবার দায়মুক্তি দেওয়া হলে বিচারের পথও বন্ধ হয়ে যাবে। যা মানবাধিকার লঙ্গনের উদাহরণ হয়ে থাকবে।
শিশুদের এই অস্বাভাবিক মৃত্যু রোধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিশু নির্যাতন ও হত্যার মামলায় দ্রুত বিচার, শক্তিশালী শিশু সুরক্ষা কাঠামো, পরিবার ও কমিউনিটির সক্রিয় নজরদারি এবং শিশুদের জন্য নিরাপদ সামাজিক ও ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের জীবন রক্ষা করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়। কাজেই, শিশুদের সুরক্ষায় সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
রাজনৈতিক, মব কিংবা কারা হেফাজতে মৃত্যুর চেয়ে শিশু হত্যার ঘটনা প্রতিবছরই বেশি হওয়ার কারণে উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেন, ‘এই হত্যার ঘটনা যদি পারিবারিক কারণে বেশি হয়, তাহলে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার মনে হয়, আমাদের সমাজে যে পরিবর্তন আসছে, সেখানে বেশ কিছু বৈপরীত্য তৈরি হচ্ছে। স্বজনের সন্তানকে অপহরণ, আত্মীয়দের মধ্যে হত্যাকাণ্ড সে কারণে বাড়তে পারে। আধুনিকতার উত্থান ও সামাজিক পর্যায়ে সুশীলরূপ দিতে না পারায় পারিবারিক হত্যা ঘটে থাকতে পারে। সভ্যতার দিক থেকে আমরা যে অনেক পেছনে, সেটা এই পরিসংখ্যানে ফুটে উঠছে।’
পত্রিকা থেকে নেওয়া তথ্যের ওপরে ভিত্তি করে সংখ্যা নির্ধারণে কিছু ঝুঁকি আছে উল্লেখ করে অধিকারকর্মী গওহার নঈম ওয়ারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা বেড়েছে এটা সত্য। বড় মানুষের প্রতি সহিংসতা করলে মামলা, জেল জরিমানার মধ্য দিয়ে যেতে হয়। শিশুর ক্ষেত্রে এমন হয় না।
