প্রবাসীদের আপত্তি: যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে হচ্ছে না সড়কের নামকরণ

প্রবাসীদের আপত্তি: যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে হচ্ছে না সড়কের নামকরণ
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। স্থানীয় বাঙালি কমিউনিটির একাংশের আপত্তি ও বিরোধিতার প্রেক্ষিতে শহরের সিটি কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।

গত মঙ্গলবার সিটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার নামেও একটি রাস্তার নামকরণের দাবি তোলেন। দুই পক্ষের ভিন্ন প্রস্তাব থেকে তর্ক-বিতর্ক শুরু হলে সভায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কাউন্সিল ভোটাভুটির সিদ্ধান্ত নেয়। ভোটাভুটিতে সমান ২-২ ফলাফল হলে মেয়র অ্যাডাম আলহারবি নিজ ভোট দিয়ে পূর্বের সিদ্ধান্ত বাতিল করেন।

বৈঠক শেষে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মেয়র জানান, শহরের সড়কগুলো ওই এলাকার বাসিন্দাদের নামে হওয়াই যুক্তিযুক্ত। বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বের নামে সড়ক নামকরণ স্থানীয়দের মাঝে বিভেদ তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন সিদ্ধান্তের জন্য কমপক্ষে ১০০ স্থানীয় বাসিন্দার স্বাক্ষর প্রয়োজন হবে।

এর আগে সিটি কাউন্সিলের একটি সভায় ৪-২ ভোটে জোসে ক্যাম্পো স্ট্রিট থেকে কনান্ট স্ট্রিট পর্যন্ত প্রায় ৪০০ মিটার সড়ককে ‘খালেদা জিয়া সড়ক’ নামকরণের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেটি বাতিল হওয়ায় স্থানীয় বিএনপি নেতা কামাল হোসেন লিলু বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

ঘটনাটি মিশিগানের বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Visited 25 times, 1 visit(s) today