জেলা প্রতিনিধি
জমি বিক্রির টাকা না দেওয়ায় জীবিত বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে দাফনের চেষ্টা করেছে তাদের দুই ছেলে। এ ঘটনায় ওই দম্পতির দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রেপ্তার দুই ভাই হলেন রাসেল মোল্লা (২৫) ও রানা মোল্লা (২৩)। তারা ওই গ্রামের সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান। তারা মা বাবার ভরণ পোষণ করছেনা বলে অভিযোগ আছে। এ কারণে নিজেদের জমি বিক্রি করে খাবার ও ওষুধের সংস্থান করতে চেয়েছিলেন বাবা ও মা।
ভুক্তভোগী সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রোববার (১১ই জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে বাড়ির উঠানে কবর খুঁড়ে দুজনকে জীবিত দাফনের চেষ্টা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা প্রাণে রক্ষা পান।
প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরেই সম্পত্তির দাবিতে বাবা মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি উঠানে কবর খোঁড়া হয়েছে। তারা সত্যিই বাবা-মাকে মাটি দেওয়ার চেষ্টা করছিল।
আসমা বেগম বলেন, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খাবার দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য আমাদের মারধর করে কবর দিতে চেয়েছিল।
এ ঘটনায় সোমবার দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
