দীপু দাসের মতো আবারও সংখ্যালঘু চিকিৎসককে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

দীপু দাসের মতো আবারও সংখ্যালঘু চিকিৎসককে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১ জানুয়ারি ২০২৬: ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার মাত্র কয়েকদিন পর শরীয়তপুরে আরেক হিন্দু ব্যক্তির ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ডামুড্যা উপজেলায় গ্রাম্য চিকিৎসক ও ওষধ ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং দীপু দাস হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ বলে অনেকে মনে করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা বাজারের কাছে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খোকন চন্দ্র দাসের ওপর এ হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাঁর তলপেটে ও মাথায় ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের চিনে ফেলায় এই নৃশংসতা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রাণ বাঁচাতে খোকন পাশের পানিতে ঝাঁপ দেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তাঁর মুখমণ্ডল ও ডান হাতে মারাত্মক পোড়া জখম হয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন চন্দ্র দাস তিলই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি কেউরভাঙ্গা বাজারে ওষধের দোকান ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

আহত খোকনের স্ত্রী সীমা দাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্বামীর শরীরে আগুন জ্বলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এ ঘটনা দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সাথে মিলে যাওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে। দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে মব হামলায় পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা দেশে উগ্রবাদী প্রবণতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

Visited 147 times, 1 visit(s) today