খড়গ পড়ল জয়নুল জন্মবার্ষিকী উদযাপনে: মেলা ও সম্মাননা প্রদান স্থগিত

খড়গ পড়ল জয়নুল জন্মবার্ষিকী উদযাপনে: মেলা ও সম্মাননা প্রদান স্থগিত
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ বছর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উদযাপন সীমিত আকারে আয়োজন করা হচ্ছে। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে যে ‘জয়নুল মেলা’ ও ‘জয়নুল সম্মাননা’ দেওয়া হয়ে থাকে—সেগুলো এবার থাকবে না বলে অনুষদ সূত্রে জানা গেছে।

প্রতিবছর তিন দিনব্যাপী যে কর্মসূচি অনুষ্ঠিত হয়, এবার তা এক দিনে সীমিত রাখা হয়েছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ জানান, বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। ফলে বিভাগীয় অংশগ্রহণের ওপর নির্ভরশীল মেলা আয়োজন করা বাস্তবসম্মত হয়নি।

তিনি বলেন, “জয়নুল মেলায় আমাদের সব বিভাগ যুক্ত থাকে। শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে উপস্থাপন করে। কিন্তু পরিস্থিতির কারণে এবার সে রকম প্রস্তুতি নেওয়া যায়নি। তাই মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে এ বছর জয়নুল সম্মাননাও দেওয়া হচ্ছে না।”

চারুকলার একাধিক শিক্ষক জানান, প্রাথমিকভাবে মেলা আয়োজনের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। তাদের মতে, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হয়ে ওঠায় বড় পরিসরের অনুষ্ঠান থেকে সরে আসতে হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সোমবার দিনব্যাপী জন্মবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শিল্পাচার্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পরে শিক্ষকদের শিল্পকর্মের প্রদর্শনী এবং বেলা ১২টায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

অতীতে এ আয়োজনে লোকশিল্পীরা অংশ নিতেন। বায়োস্কোপ, লোকজ সামগ্রী, শিক্ষার্থীদের চিত্রকর্ম ও হস্তশিল্পে চারুকলার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠত। তবে এবার সেই উপাদানগুলো থাকছে না।

বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পুরোধা জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। শিল্প-সংস্কৃতিতে অগ্রণী ভূমিকার জন্য তিনি জীবদ্দশায় ‘শিল্পাচার্য’ উপাধিতে ভূষিত হন। ১৯৭৬ সালের ২৮শে মে তিনি মৃত্যুবরণ করেন।

Visited 10 times, 1 visit(s) today