‘ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রচুর তথ্য উদ্ঘাটনের জন্য’ ৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর

‘ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রচুর তথ্য উদ্ঘাটনের জন্য’ ৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত এক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং প্রচুর তথ্য উদ্ঘাটনের দাবি জানিয়ে তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ।

উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

আজ ১৫ই ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়।

দেশি-বিদেশি সংবাদমাধ্যমে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করা এই জ্যেষ্ঠ সাংবাদিককে আদালতে তোলার সময় প্রচণ্ড ভিড় দেখা যায়। এসময় তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতের কাঠগড়ায় তোলা হয়।

শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় তার পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাদের সাথে কথা বলেন সাংবাদিক আনিস আলমগীর। তাকে সেসময় বিপর্যস্ত দেখাচ্ছিল। অপমান এবং অসহায়ত্বে তাকে কয়েকবার চোখ মুছতে দেখা যায়।

এর আগে সন্ধ্যা ৫টার দিকে ডিবি পুলিশের একটি সাদা মাইক্রোবাসে তাকে আদালতে হাজির করা হয়। গাড়ি থেকে নামিয়ে তাকে হাজতখানায় নেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল ১৪ই ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২ নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন। পাশাপাশি রাতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন জুলাই এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

মামলার অপর আসামিরা হলেন: মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

মামলার অভিযোগে দাবি করা হয়, শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে। আসামিরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টিভি টকশোতে প্রপাগান্ডা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে। তাদের কারণে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন।

Visited 21 times, 1 visit(s) today