জেলা প্রতিনিধি
খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে ও চাপাতির কোপে দুইজন নিহত হয়েছেন।
আজ ৩০শে নভেম্বর, রোববার বেলা সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপসা উপজেলার বাগমারা এলাকার হাসিব হাওলাদার (৪০) ও রাজন (৩৮)।
শত শত মানুষের উপস্থিতিতে এমন ঘটনা ঘটলেও কেউ এগিয়ে যায়নি, এমনকি কাছাকাছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আদালত চত্বরে এমন নৃশংস ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে যান রাজন ও হাসিব। হাজিরা শেষে বেরিয়ে আসার সময় আগে থেকেই অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
