নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা আসিফ মাহমুদের বিশেষ তদ্বিরে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে যাচাই–বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ ২৭শে নভেম্বর, বৃহস্পতিবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পাঠানো নোটিশের শিরোনামেই উল্লেখ করা হয়েছে—ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে কেন্দ্র করে প্রধান সম্পত্তি কর্মকর্তা উপসচিব মোহাম্মদ শওকত ওসমান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানকে নিয়ে গঠিত একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।
অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে টেন্ডার বানিজ্য, ক্ষমতার অপব্যবহার, কোটি টাকার প্রকল্পে অনিয়মসহ নানা দুর্নীতিতে জড়িত থাকার কারণে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মকর্তা–কর্মচারী, রাজনৈতিক মহল ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ জমে আছে। তাদের আচরণ ও সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া অভিযোগ রয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানের মাধ্যমে কর্মকর্তাদের পদোন্নতি, বদলি, দায়িত্ব বণ্টন ও নিয়োগে ব্যাপক অনিয়ম ঘটে আসছে। একইভাবে গাবতলী হাটসহ অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা, কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ও বড় বড় ক্রয়–সংক্রান্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করছে এই সিন্ডিকেট।
সরকারি সম্পত্তি দখল বজায় রাখতে সহযোগিতা করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানের বিরুদ্ধে।
আর পুরো প্রক্রিয়ায় প্রশাসক মোহাম্মদ এজাজের প্রত্যক্ষ সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
