জামায়াতের সি-টিম ‘আপ বাংলাদেশ’কে নিয়ে কোন্দলে পেছালো এনসিপির জোটগঠন

জামায়াতের সি-টিম ‘আপ বাংলাদেশ’কে নিয়ে কোন্দলে পেছালো এনসিপির জোটগঠন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনায় এগোচ্ছিল চারটি দল। তবে শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে ঘোষণার বৈঠক। এতে প্রত্যাশিত জোটের আত্মপ্রকাশ অনিশ্চয়তায় পড়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশনে জোট ঘোষণার কথা ছিল। কিন্তু ভোরে তা আকস্মিকভাবে স্থগিত করা হয়।

জামায়াতের বি-টিম খ্যাত এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বিডি ডাইজেস্টকে বলেন, বৈঠক মাঝরাতে স্থগিত হয়।

তিনি বলেন, শরিক দলগুলোর ভেতরে কিছু বিষয়ে আলোচনা বাকি থাকায় সিদ্ধান্তে দেরি হচ্ছে। এনসিপির বেশ কিছু জুনিয়র নেতার আপত্তির কারণে প্রক্রিয়াটি এগোতে পারছে না।

জোট গঠনের আলোচনায় ছিল চার দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

এনসিপির একটি সূত্র জানায়, বুধবার রাতে দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে আপ বাংলাদেশকে জোটে নেওয়ার প্রস্তাব পাস হয়নি। দলের একাংশ মনে করছে, আপ বাংলাদেশ জামায়াতের ‘সি-টিম’ এবং তাদের সঙ্গে জোটে গেলে বিভ্রান্তি তৈরি হবে।

এনসিপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চান না। এখন বাকি দলগুলো যদি আপ বাংলাদেশ ছাড়া জোটে না আসে, তাহলে পুরো প্রক্রিয়াই আটকে যাবে। এতে আলোচনায় জটিলতা বাড়ছে।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জোট গঠনের প্রক্রিয়া আপাতত পিছিয়েছে। আলোচনা চলছে। তবে আপ বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে তাদের জানানো হয়নি।

জোট গঠনের পরবর্তী বৈঠক কবে হবে, তা এখনও নিশ্চিত নয়।

Visited 19 times, 1 visit(s) today