নিজস্ব প্রতিবেদক
ওপরতলার কিছু শিক্ষিত লোক আমেরিকা থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কয়েকটা দল বলছে, নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর আমরা বলছি, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।’
উপস্থিত লোকজনকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝেন শিক্ষিত কিছু ওপরতলার লোক। যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের ওপর চাপাচ্ছেন। আমরাও মেনে নিয়েছি। তারা যতগুলো সংস্কার করতে চান, তাতে আমরা রাজি আছি। যেটাতে রাজি হব, সেটা বাস্তবায়িত হবে। যেটাতে রাজি হব না, সেটা পার্লামেন্টে যাবে। সেখানে তর্ক-বিতর্ক হবে, এরপর তা পাস হবে।’
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, বাজারে ধানের দাম নেই। আলুতেও কিছু ধরা খেয়েছেন কৃষক। তার মানে, কৃষক কৃষিকাজ করে লাভবান হতে পারছেন না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পান, সেই ব্যবস্থা করা হবে।
ইউনূস সরকার মানুষের কষ্ট বোঝে না মন্তব্য করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ভোট করে আসেনি, আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি। সরকারের পেছনে তো কোনো লোক নেই। এ কারণে মানুষের কষ্ট এই সরকার বোঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বোঝে না।’
