দশম গ্রেডসহ তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি, স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি, স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার (৯ই নভেম্বর) সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহকারী শিক্ষকরা সকাল থেকেই অবস্থান নিয়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, ১৩তম গ্রেডে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার পর এবার তারা সরাসরি দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার দাবি জানাচ্ছেন।

তাদের আরও অভিযোগ, শনিবার শাহবাগে শান্তিপূর্ণ ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের আচরণ ছিল অগ্রহণযোগ্য।

পুলিশের ছোড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে বহু শিক্ষক আহত হন বলে দাবি করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, “এ হামলার মাধ্যমে আমাদের ন্যায্য আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে।”

এর আগে শনিবার সকালে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিকেলে তারা শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষক নেতাদের দাবি, সংঘর্ষে অন্তত শতাধিক শিক্ষক আহত হয়েছেন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকরা আজ রোববার নতুন কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে স্কুলে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে যোগ দেন। তারা বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।”

অবস্থানরত শিক্ষকরা জানান, সরকারের প্রতি তাদের শেষ আহ্বান— প্রাথমিক শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও বেতন কাঠামো স্বীকৃতি দিয়ে দশম গ্রেড বাস্তবায়ন করা হোক, অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে।

Visited 22 times, 1 visit(s) today