আমি অত ভদ্র না, প্রয়োজনে ফুটবলারদের সঙ্গে মারপিট করব: আসিফ

আমি অত ভদ্র না, প্রয়োজনে ফুটবলারদের সঙ্গে মারপিট করব: আসিফ
শেয়ার করুন

বিসিবির নব নির্বাচিত পরিচালক ও গায়ক আসিফ আকবর বলেছেন ফুটবলের কারণে সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। কোন কারণ ছাড়াই ফুটবলাররা মাঠ দখল করে আছেন, তাদের হটাতে প্রয়োজনে মারপিট করার হুঙ্কার দিয়েছেন আসিফ।

বিসিবির আয়োজনে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তৃতা দেন আসিফ। রোববার দেশের সব জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলার ক্রিকেট কোচ, জেলার নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দুই দিনের আয়োজন শুরু হয় একটি হোটেলে।

আসিফের জেলা কুমিল্লা। তার এলাকায় লিগ হবে ম্যাটিং উইকেটে। এতে বিরক্ত হয়ে উদাহরণ তুলে ধরতে গিয়ে ফুটবল ফেডারেশন ও ফুটবলারদের উদ্দেশে আক্রমণাত্মক কথা বলেন আসিফ।

তিনি বলেন, “ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে…”

“প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে…”

“ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, অনেক নিয়মকানুন আছে…”

আসিফ হুঙ্কার দিয়ে বলেন ফুটবলাররা জেলা স্টেডিয়াম খালি না করলে মারামারি করতে বাধ্য হবেন তিনি, ” আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব…”

“ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না … যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে…”

Visited 21 times, 1 visit(s) today