নিজস্ব প্রতিবেদক | বিডি ডাইজেস্ট
ড. ইউনূস ইতালি সফরে গিয়েও দেখা পেলেন না দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির; আশা ছিল বাংলাদেশে আসবেন সফরে- এ নিয়ে ড. ইউনূসের প্রেস টিমও প্রচার চালিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। যার বরাতে ফলাও করে সংবাদও পরিবেশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু শেষপর্যন্ত জানা গেল জর্জিয়া মেলোনির ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে।
দেশের কিছু অভ্যন্তরীণ রাষ্ট্রীয় অগ্রাধিকার সামনে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
এ ঘটনায় ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আবারও প্রশ্ন উঠছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসার কথা ছিল। তবে সফরের নতুন সম্ভাব্য তারিখ নিয়ে এখন দুই দেশ আলোচনা করছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসার কথা ছিল, কিন্তু কিছু রাষ্ট্রীয় অগ্রাধিকারের কারণে এখন সেটি পুনঃনির্ধারণ করতে হচ্ছে।”
তিনি আরও জানান, সফর স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে এবং নতুন তারিখ ঠিক করতে আলোচনার জন্যই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।
সফরে কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে, জানতে চাইলে আলেসান্দ্রো বলেন, “অভিবাসন অবশ্যই অন্যতম প্রধান বিষয় হবে। এর পাশাপাশি বাণিজ্য এবং অন্যান্য রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা এজেন্ডায় থাকবে।”
সামরিক সহযোগিতা নিয়েও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি রাষ্ট্রদূত। এক প্রশ্নের জবাবে মৃদু হেসে তিনি বলেন, “হ্যাঁ, থাকতে পারে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়, আমরা এ নিয়ে আলোচনা করছি।”
এর আগে ধারণা করা হয়েছিল, ১৮ থেকে ২০শে ডিসেম্বরের মধ্যে মেলোনির ঢাকায় আগমন ঘটবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অভিবাসন ইস্যুতে নতুন চুক্তি আলোচনার জন্য এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল।
