স্থানীয় সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবরী নদী থেকে উদ্ধার হয়েছে একটি পরিত্যক্ত লাইট মেশিনগান (এলএমজি)। সাথে ছিলো একটি ম্যাগজিন এবং ২৫ রাউন্ড গুলি।
স্থানীয় এক কিশোরের চোখে পড়ায় ঘটনাটি প্রকাশ পায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অস্ত্রটির উৎস নিয়ে তদন্ত চলছে এবং এটি কোনো অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, উদ্ধারকৃত অস্ত্রটি ব্রিটিশ এলএমজি, যার প্রচলিত নাম ব্রেন গান। এতে ব্যবহৃত হয় .৩০৩ গুলি (৭.৭৭X৫৬ এমএম)। এটি ব্রিটিশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি।
গত ২১শে অক্টোবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত বাউরভাগ মৌল্লিফৌদ এলাকার সাবরী নদীতে গোসল করতে নামে স্থানীয় নুরুল ইসলামের কিশোর পুত্র তাসিম হোসেন (১৬)। নদীতে নামার কিছুক্ষণ পর তার পায়ের সঙ্গে ধাতব কিছুর স্পর্শ লাগলে সে পানি থেকে সেটি তুলে দেখে, এটি একটি অস্ত্র।
তাসিম বলেন, “আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। পরে লোকজন এসে দেখে এবং পুলিশকে খবর দেয়। জৈন্তাপুর মডেল থানার পুলিশ এসে অস্ত্রটি নিয়ে যায়।”
অস্ত্রটির সঙ্গে একটি ম্যাগজিন ও ২৫ রাউন্ড গুলি ছিল। অস্ত্র ও গুলি বর্তমানে থানায় সংরক্ষিত রয়েছে।
জৈন্তাপুর থানার ওসি (এএসআই) মো. রেজাউল করিম জানান, “অস্ত্রটি পুরনো এবং মরিচা ধরা। আমরা ফরেনসিক বিভাগে পাঠিয়ে বিশ্লেষণ করব। এর পেছনে কোনো অবৈধ অস্ত্র চোরাচালান বা অন্য কোনো ঘটনা জড়িত কিনা তা তদন্ত করে বের করা হবে। স্থানীয়দের সহযোগিতার জন্য ধন্যবাদ।”
জৈন্তাপুর উপজেলা ভারতের সাথে সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে অবৈধ অস্ত্র চোরাচালানের ঘটনা মাঝে মাঝে ঘটে। গত কয়েক মাসে সিলেট বিভাগে অনুরূপ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে নদী বা সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
