বিশেষ প্রতিবেদক
ড. ইউনূসের ইতালি যাত্রার মধ্যেই সেখান থেকে এসেছে উদ্বেগজনক খবর। দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিক।
এ তথ্য জানানো হয়েছে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে।
বৈঠকে জানানো হয়, ইতালিতে বর্তমানে বৈধভাবে রয়েছেন ২ লাখের বেশি বাংলাদেশি, আর অবৈধভাবে রয়েছেন প্রায় ৭০ হাজার। সাম্প্রতিক মাসগুলোতে ভুয়া কাগজপত্র ও জাল তথ্যের কারণে ইতালি সরকার ৩০ হাজার বাংলাদেশির কাজের অনাপত্তি সনদ (NOC) বাতিল করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহী হলেও অবৈধভাবে যাত্রার প্রবণতা নিয়ে তারা উদ্বিগ্ন। দেশটি অবৈধ প্রবেশ রোধে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে।
আরেক কর্মকর্তা বলেন, “বর্তমানে ৪০ হাজার বাংলাদেশি ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, কিন্তু এর ৯৮ শতাংশ আবেদনই বাতিল করেছে ইতালি সরকার।”
অভিবাসন ও মানবপাচার রোধে উভয় দেশের মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।
এমন সময় এই তথ্য প্রকাশ পেল যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইতালি রওনা হলেন। কূটনৈতিক মহলে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইতালিতে অবৈধভাবে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশির ইস্যু এখন প্রধান আলোচ্য হয়ে উঠেছে।
