নিজস্ব প্রতিবেদক
নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী বছর (১লা জানুয়ারি) থেকে সচিবালয় সম্পূর্ণভাবে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহার্য) প্লাস্টিকমুক্ত হবে বলে আশাবাদী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ ৫ই অক্টোবর, রোববার সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরিয়ে আনতে সচিবালয়কে দিয়েই যাত্রা শুরু হয়েছে। আশা করি, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে।
সকালে সচিবালয়ের ২ ও ৫ নম্বর প্রবেশপথে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বাস্তবায়ন কার্যক্রম মনিটর করেন।
রিজওয়ানা বলেন, পানির বোতলসহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার ডিসেম্বরের মধ্যে বন্ধ করা হবে। দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ না হলেও ইউনূস সরকার একে নিরুৎসাহিত করছে। এরই মধ্যে বিভিন্ন দূতাবাস ও বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করেছে।
মনিটরিং চলাকালে কর্মকর্তাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ ও ফাইল সংগ্রহ করে তাদের কাপড়ের বিকল্প ব্যাগ সরবরাহ করা হয়।
পরে তিনি সচিবালয়ের ভেতরে সচেতনতামূলক পোস্টার, বোর্ড ও স্ট্যান্ডি পরিদর্শনের পাশাপাশি পর্যটন কর্পোরেশনের ক্যাফেটেরিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যান্টিন ঘুরে দেখেন।
এ ছাড়া সচিবালয়ের সব প্রবেশপথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহনরোধে তল্লাশি চালাচ্ছেন।
