জেলা প্রতিনিধি
রাজশাহীর বাঘা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ বাইক চোর সিন্ডিকেটের হোতা রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ৫ই অক্টোবর, শনিবার রাত সাড়ে ১২টার দিকে পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় বাঘা থানা পুলিশ তাকে আটক করে।
রোহান ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে। তিনি চারঘাট আলহাজ এম.এ. হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোটরসাইকেল চুরি এবং বিক্রি করা সিন্ডিকেটের হোতা হিসেবে রোহানের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের।
রোহানের আটকের বিষয়টি নিশ্চিত করে চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন বলেন, “রোহানের গ্রেপ্তারের খবর পেয়েছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।”
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর–ওয়ান ফাইভ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও মোটরসাইকেল না পেয়ে ভুক্তভোগীর বাবা মোস্তাক সরকার বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহান ইসলামকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চারঘাট উপজেলার বাবুপাড়া থেকে সোহেল রানার চুরি যাওয়া অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় সোহাগ আলী নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
১৯শে সেপ্টেম্বর চারঘাটের বাবুপাড়া এলাকা থেকে সোহেল রানার মোটরসাইকেলটি চুরি হয়েছিল।
স্থানীয়রা জানান, এলাকায় মোটরসাইকেল চুরি হচ্ছিল অনেকদিন ধরে। এসব বাইক চুরির পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে বলে তাদের ধারণা। আর সেই সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে রোহান জড়িত, এমনটাই জানালেন তারা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, “উদ্ধার হওয়া দুইটি মোটরসাইকেল তাদের মালিকদের ফেরত দেওয়া হবে। গ্রেপ্তারকৃত রোহান ইসলাম ও সোহাগ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
