জেলা প্রতিনিধি
জমি বর্গা না দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামে এক কৃষককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে চর কবাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নিহত সোহেলের বাড়ি চর কবাই এলাকায়। তিনি পেশায় কৃষক। শনিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা করে তাকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেয় নির্যাতনকারীরা। প্রকাশ্যে তাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করলেও কেউ বাচাতে এগিয়ে আসেনি হামলাকারীদের ভয়ে।
নিহত যুবকের স্ত্রী সাজেদা বেগম বলেন, কয়েক দিন আগে কবাই চরে তরমুজ চাষের জন্য আমার স্বামীর কাছে জমি চেয়েছিলেন স্থানীয় শাহীন হাওলাদার, তার ভাই ফিরোজ হাওলাদারসহ কয়েকজন। না দেওয়ায় তারা শনিবার রাতে ফোন করে কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর রাত ১২টার দিকে বাড়ির পাশের মসজিদের সামনে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে।
নিহতের মেয়ে ফাতেমা আক্তার জানান, তার বাবা নির্দোষ ছিলেন। তরমুজ ক্ষেতের জমি না দেওয়ায় তাকে ডাকাত সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। নির্যাতনকারীরা তাদেরকেও হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বোরবার ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
‘ডাকাত’ আটকের খবর দেওয়া হলেও পুলিশ গিয়ে মরদেহ পেয়েছে। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহীন হাওলাদার বা তার ভাই ফিরোজ হাওলাদার এলাকা থেকে পালিয়ে গেছেন।
